রানওয়েতে শিয়াল ইউএস-বাংলার ফ্লাইট বিলম্বিত: চট্টগ্রাম বিমানবন্দর - দিগন্ত জার্নাল

রানওয়েতে শিয়াল ইউএস-বাংলার ফ্লাইট বিলম্বিত: চট্টগ্রাম বিমানবন্দর

চট্টগ্রাম, আমানত শাহ, বিমানবন্দর, রানওয়ে, শিয়াল, ফ্লাইট, বিলম্ব, ইউএস-বাংলা, বাংলাদেশে

নিজস্ব প্রতিনিধি । সারাদেশ । বুধবার , ১৯ নভেম্বর ২০২৫

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে হঠাৎ শিয়াল চলে আসায় ঢাকাগামী ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইট প্রায় ২৬ মিনিট বিলম্বিত হয়। বুধবার বেলা ১১টা ৪০ মিনিটে ইউএস-১০৬ ফ্লাইটটি উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় রানওয়ের মাঝামাঝি অংশে একটি শিয়ালকে দেখা যায়।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মো. ইব্রাহিম খলিল জানান, রানওয়েতে শিয়াল উঠতে দেখেই পরিদর্শনকারী টিম দ্রুত গাড়ি নিয়ে সেখানে পৌঁছে প্রাণীটিকে তাড়া করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। নিরাপত্তা নিশ্চিত করতে পুনরায় রানওয়ে পরীক্ষা করা হয়। পরে ফ্লাইটটি ১২টা ৬ মিনিটে উড্ডয়ন করে।

তিনি আরও বলেন, প্রতিটি ফ্লাইট উড্ডয়ন ও অবতরণের আগে নিয়মিতভাবে রানওয়ে পরীক্ষা করা হয়। তবে রানওয়ের দুপাশে ঘন জঙ্গল ও ঝোপঝাড় থাকায় মাঝে মাঝে শিয়াল, সাপ কিংবা কুকুরের মতো প্রাণী সেখানে চলে আসে। এগুলো দ্রুত সরিয়ে নেওয়ার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষ সতর্ক টিম প্রস্তুত রাখে।

এ ঘটনায় যাত্রীদের মধ্যে সাময়িকভাবে উদ্বেগ তৈরি হলেও দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের কোনো সমস্যা হয়নি। নিরাপত্তা নিশ্চিত করে স্বাভাবিকভাবে ফ্লাইট চলাচল অব্যাহত থাকে।

Home » ফ্লাইট শিয়াল
an adbox will go here