হাসিনা- রেহানা ও টিউলিপসহ ১৭ আসামির যুক্তিতর্ক ২৫ নভেম্বর ধার্য - দিগন্ত জার্নাল

হাসিনা- রেহানা ও টিউলিপসহ ১৭ আসামির যুক্তিতর্ক ২৫ নভেম্বর ধার্য

দুর্নীতি মামলা, পূর্বাচল প্লট, শেখ হাসিনা, আদালত, দুদক, যুক্তিতর্ক, জাতীয়, সংবাদ. ঢাকা, বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক । জাতীয় । রোববার, ২৩ নভেম্বর ২০২৫

ঢাকা: রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দায়ের করা দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ ১৭ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ২৫ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম আজ এ আদেশ দেন। এদিন ছিল আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য নির্ধারিত সময়। আসামি মোহাম্মদ খুরশীদ আলম আত্মপক্ষ সমর্থনে নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রত্যাশা করেন। তবে শেখ হাসিনাসহ বাকি ১৬ আসামি পলাতক থাকায় কেউ আত্মপক্ষ সমর্থন করেননি। বিষয়টি নিশ্চিত করেছেন দুদক-এর পাবলিক প্রসিকিউটর মীর আহম্মেদ সালাম।

মামলার অভিযোগ অনুযায়ী, পূর্বাচল নতুন শহর প্রকল্পে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ১০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দুদক উপপরিচালক সালাহউদ্দিন গত ১৩ জানুয়ারি মামলাটি দায়ের করেন। মামলায় প্রথমে ১৫ জনকে আসামি করা হয়। তদন্ত শেষে আরো দুইজনকে যুক্ত করে মোট ১৭ আসামির বিরুদ্ধে গত ১০ মার্চ চার্জশিট দাখিল করেন দুদক-এর সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কয়েকজন সাবেক কর্মকর্তা, রাজউকের সাবেক কর্মকর্তা এবং সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। মামলাটিতে ইতোমধ্যে ৩২ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। আগামী ২৫ নভেম্বর আদালতে রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করবে।

Home » যুক্তিতর্ক উপস্থাপন
an adbox will go here