সুষ্ঠু নির্বাচনে সহযোগিতার আশ্বাস সেনাপ্রধানের
নিজস্ব প্রতিবেদক । জাতীয় । রোববার , ২৩ নভেম্বর ২০২৫
ঢাকা, দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে বীরত্বপূর্ণ কাজ, দায়িত্বশীলতা এবং বাহিনীর প্রতি অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে মোট ৬৪ সেনাসদস্যকে পদক প্রদান করা হয়। এর মধ্যে ২০২৪–২০২৫ এবং ২০২৫–২০২৬ অর্থবছরে অবদানের জন্য ৯ জনকে সেনাবাহিনী পদক, ১৭ জনকে অসামান্য সেবা পদক এবং ৩৮ জন সেনাসদস্যকে বিশিষ্ট সেবা পদক দেওয়া হয়। পাশাপাশি ৭৫ মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা জানানো হয় সেনাপ্রধানের হাতে।
সেনাপ্রধান বলেন, মুক্তিযোদ্ধারা দেশের স্বাধীনতা এনে দিয়েছেন অবিস্মরণীয় ত্যাগের মাধ্যমে। তাদের দেখানো পথ এবং মূল্যবোধ অনুসরণ করে দেশের স্বার্থে ও জনগণের কল্যাণে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় কাজ করে যাবে। তিনি আরও উল্লেখ করেন, নির্বাচন কমিশন চাইলে সেনাবাহিনী নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।
অনুষ্ঠানে সামরিক উচ্চপদস্থ কর্মকর্তা, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।