ঢাকাকে বাঁচাতে সমন্বিত পরিকল্পনা এখনই জরুরি - দিগন্ত জার্নাল

ঢাকাকে বাঁচাতে সমন্বিত পরিকল্পনা এখনই জরুরি

ডেস্ক রিপোর্ট । জাতীয । শনিবার ,২৯ নভেম্বর ২০২৫

ঢাকাকে ভূমিকম্প, অগ্নিকাণ্ডসহ নানা দুর্যোগ থেকে রক্ষা করতে সমন্বিত নগর পরিকল্পনার বিকল্প নেই বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, ভূমি ব্যবহার জোনিং, বিল্ডিং কোড কঠোরভাবে অনুসরণ, জলাধার ও জলাভূমি রক্ষা, কাঠামোগত মূল্যায়ন এবং নির্মাণ সংশ্লিষ্ট দুর্নীতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না নিলে বড় দুর্যোগে রাজধানী ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হতে পারে। এছাড়া ঢাকাকেন্দ্রিক অতিরিক্ত উন্নয়ন নিয়ন্ত্রণ করতে বিকেন্দ্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি, পরিকল্পিত নগরায়ণ এবং নিরাপদ আবাসনের সমান্তরাল নীতি নেওয়ার পরামর্শও দেন তারা।

শুক্রবার ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিডি) আয়োজিত অনলাইন সেমিনারে বিশেষজ্ঞরা এসব প্রস্তাব তুলে ধরেন। সেমিনারের মূল প্রবন্ধে আইপিডির পরিচালক অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান বলেন, ঢাকাকে টেকসই ও নিরাপদ করতে হলে ভূমি ব্যবহার জোনিং, বিল্ডিং কোড, ভূতাত্ত্বিক পরীক্ষা, কাঠামোগত মূল্যায়ন, অগ্নি নিরাপত্তা এবং কমিউনিটির প্রস্তুতি সমন্বিতভাবে এগিয়ে নিতে হবে। ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণ, জলাধার রক্ষা ও সিসমিক মাইক্রো জোনেশন মেনে নগরায়ণকে তিনি অত্যাবশ্যক বলে মন্তব্য করেন।

সেমিনারে বক্তারা বলেন, দুর্যোগ প্রতিরোধে ভবন নির্মাণের সব পর্যায়ে দুর্নীতি নিয়ন্ত্রণ ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। ঢাকাকে চাপমুক্ত করতে বিভাগীয় ও জেলা শহরে পরিকল্পিত নগরায়ণ এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করাও জরুরি। বিশেষজ্ঞদের মতে, সঠিক দিকনির্দেশনা অনুসরণ করা গেলে আগামী ১৫–২০ বছরে ঢাকাকে একটি নিরাপদ ও টেকসই শহর হিসেবে গড়ে তোলা সম্ভব।

Home » সমন্বিত নগর পরিকল্পনা
an adbox will go here