খালেদা জিয়ার শারীরিক খোঁজ নিয়ে যা বললেন আসিফ নজরুল
নিজস্ব প্রতিবেদক । জাতীয় । শনিবার ,২৯ নভেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়ার খোঁজখবর নিতে এভারকেয়ার হাসপাতালে আসিফ নজরুল
শুক্রবার (২৮ নভেম্বর) রাত পৌনে ১২টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক খোঁজখবর নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি কিছুক্ষণ অবস্থান করে চিকিৎসার সর্বশেষ অগ্রগতি সম্পর্কে জানতে চান এবং বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন। বিষয়টি নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া সেল।
হাসপাতাল থেকে ফিরে রাতেই এক ফেসবুক পোস্টে অধ্যাপক আসিফ নজরুল লেখেন—বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা একদমই ভালো নয় এবং সবার কাছে দোয়া কামনা করেন।
এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান জানান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে এভারকেয়ার হাসপাতাল প্রাঙ্গণে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, মেডিকেল বোর্ড তার সর্বশেষ শারীরিক অবস্থা গভীরভাবে পর্যবেক্ষণ করেছে এবং সে অনুযায়ী চিকিৎসা দিচ্ছে। খালেদা জিয়ার শারীরিক বিভিন্ন প্যারামিটার নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি।
এদিকে বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি নিয়মিতভাবে তার স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খোঁজ নিচ্ছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছেন।
প্রধান উপদেষ্টার এই মানবিক উদ্যোগের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন।