কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, হামলাকারীসহ নিহত ১০
অনলাইন ডেস্ক । আন্তর্জাতিক । বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে একটি স্কুলে সংঘটিত ভয়াবহ বন্দুকধারীর হামলায় দেশজুড়ে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে। এই ঘটনায় হামলাকারীসহ মোট ১০ জন নিহত হয়েছেন এবং অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি)।
বুধবার স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিটে ব্রিটিশ কলাম্বিয়ার প্রত্যন্ত শহর টাম্বলার রিজ–এ অবস্থিত টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে এ হামলার ঘটনা ঘটে। পুলিশ জানায়, স্কুল ভবনের ভেতর থেকেই সন্দেহভাজন বন্দুকধারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, হামলার পর তিনি আত্মহত্যা করেছেন।
আরসিএমপির তথ্যমতে, স্কুল প্রাঙ্গণ থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়। আহতদের হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। এছাড়া কমিউনিটির একটি আবাসিক ভবন থেকে আরও দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ঘটনার পরপরই পুরো এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা জারি করা হয়। টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুল এবং পাশের এলিমেন্টারি স্কুলে ‘লকডাউন’ ও ‘সিকিউর অ্যান্ড হোল্ড’ ঘোষণা করা হয়। প্রায় ২ হাজার ৪০০ জনসংখ্যার এই ছোট শহরের বাসিন্দাদের ঘরের ভেতরে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে।
পিস রিভার সাউথ স্কুল ডিস্ট্রিক্ট জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আশপাশের এলাকা থেকে অতিরিক্ত পুলিশ ও জরুরি চিকিৎসা সহায়তা মোতায়েন করা হয়েছে। তবে চলমান তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত তথ্য প্রকাশ করা হচ্ছে না।
প্রাদেশিক সরকারের তথ্য অনুযায়ী, টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে সপ্তম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রায় ১৭৫ জন শিক্ষার্থী অধ্যয়নরত। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হামলার প্রকৃত কারণ ও চূড়ান্ত হতাহতের সংখ্যা নিশ্চিত করা সম্ভব নয়।
সূত্র: বিবিসি