দিল্লিতে আটকের পর মুক্ত বৈষম্যবিরোধী ছাত্রনেতা মাহদী
অনলাইন ডেস্ক । দিগন্ত জার্নাল । বুধবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৬
ভারতের ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর–এ আটকের পর মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান। বুধবার রাতে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বিষয়টি নিশ্চিত করেন।
ভিডিও বার্তায় মাহদী হাসান জানান, ভারতীয় ইমিগ্রেশন পুলিশের হেফাজতে তাকে প্রায় ৪০ মিনিট আটকে রাখা হয়েছিল। পরে পুনরায় ইমিগ্রেশন সম্পন্ন করে তাকে নির্ধারিত ফ্লাইটে ওঠার সুযোগ দেওয়া হয়। তিনি জানান, বর্তমানে তিনি নিরাপদ আছেন।
মাহদী বলেন,
“আমার সঙ্গে যা ঘটেছে, বাংলাদেশে ফিরে আমি প্রেস কনফারেন্স করে বিস্তারিত জানাব। আমাকে প্রায় ৪০ মিনিট পুলিশ কাস্টোডিতে রাখা হয়েছিল। তাদের আচরণ ছিল অত্যন্ত বাজে। তারা আমাকে জেলে দিতে চেয়েছিল।”
তিনি আরও বলেন, কোনো ধরনের অবৈধ কাজের অভিযোগ থাকলে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিংবা দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানালেও তা শোনা হয়নি।
ভিডিও বার্তায় মাহদী অভিযোগ করেন, ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে ভুলভাবে একটি সহিংস ঘটনার সঙ্গে জড়ানোর চেষ্টা করেন এবং জোরপূর্বক তার মোবাইল ফোন আনলক করে তল্লাশি চালান। তিনি প্রশ্ন তোলেন, একজন আন্তর্জাতিক যাত্রীর ব্যক্তিগত গোপনীয়তা এভাবে লঙ্ঘন করা কতটা আইনসম্মত।
এছাড়া আটকের সময় এক কর্মকর্তা তার সঙ্গে শারীরিকভাবে অশোভন আচরণ করেছেন বলেও অভিযোগ করেন মাহদী হাসান। তিনি বলেন, একজন আন্তর্জাতিক যাত্রীর সঙ্গে এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
শেষে মাহদী হাসান তার আটকের খবরে যারা উদ্বেগ প্রকাশ করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং দেশে ফিরে বিস্তারিত বক্তব্য দেওয়ার কথা বলেন।