এশিয়ার মুসলিম দেশগুলো খণ্ড-বিখণ্ডের পরিকল্পনা ইসরাইলের: মালিকি
আন্তর্জাতিক ডেস্ক:
ইরাকের সাবেক প্রধানমন্ত্রী এবং ইসলামিক দাওয়া পার্টির মহাসচিব নুরি আল-মালিকি পশ্চিম এশিয়ার মুসলিম দেশগুলোকে খণ্ড-বিখণ্ড করার ইসরাইলের পরিকল্পনার বিরুদ্ধে সতর্ক করেছেন। তিনি দাবি করেছেন, ইসরাইল ও তার মিত্ররা এ অঞ্চলের দেশগুলোকে দুর্বল করার জন্য গভীর ষড়যন্ত্র করছে।
নুরি আল-মালিকি বলেন, ইসরাইলের লক্ষ্য হলো বড় মুসলিম দেশগুলোকে ছোট ছোট অংশে ভাগ করে তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসা। এ ধরনের পরিকল্পনার মাধ্যমে মুসলিম দেশগুলোর ঐক্য ভেঙে দিয়ে অঞ্চলটিকে পশ্চিমা স্বার্থে ব্যবহারযোগ্য করে তোলাই ইসরাইলের উদ্দেশ্য। ইতোমধ্যে পারস্য উপসাগরীয় কিছু দেশ ইসরাইলের সঙ্গে আপোষে গেছে এবং তাদের মধ্যে আর ইসরাইলের বিরুদ্ধে কোনো অবস্থান লক্ষ্য করা যাচ্ছে না। একইভাবে, মার্কিন সামরিক ঘাঁটিও এ অঞ্চলের বিভিন্ন দেশে গড়ে উঠছে।
এ প্রসঙ্গে বাগদাদের জুমার খতিব আয়াতুল্লাহ সাইয়েদ ইয়াসিন আল-মুসাভি বলেন, ইরাক, সিরিয়া, লেবানন এবং জর্দানের মতো দেশগুলোকে খণ্ড-বিখণ্ড করার গভীর ষড়যন্ত্র চলছে। শত্রুরা এই অঞ্চলের অভ্যন্তরে বিভেদ সৃষ্টি করে শক্তিশালী স্বাধীন গোষ্ঠীগুলোকে নির্মূল করতে চাইছে। বিশেষ করে ইরাকে হাশদ আশ-শাবির মতো সংগঠনগুলোকে ভেঙে ফেলার চাপ দেওয়া হচ্ছে, যা দেশটির স্বাধীনতা এবং অখণ্ডতার জন্য হুমকি।
পর্যবেক্ষকরা বলছেন, ইসরাইল-মার্কিন পরিকল্পনার মাধ্যমে এই অঞ্চলের দেশগুলোকে শাসন ও নিয়ন্ত্রণে আনার যে ষড়যন্ত্র চলছে, তা মুসলিম দেশগুলোর ঐক্যবদ্ধ প্রতিরোধ ছাড়া ঠেকানো সম্ভব নয়। এ ধরনের ষড়যন্ত্রের প্রতিরোধে রাজনৈতিক ও সামাজিক সচেতনতা অত্যন্ত জরুরি।
সূত্র: ইরনা ও তাসনিম নিউজ