সিলেটে ৬০ কিমি বেগে ঝড়, বৃষ্টির শঙ্কা
অবহাওয়া ডেস্ক । রোববার, ৫ এপ্রিল ২০২৬
সিলেট অঞ্চলে দুপুরের মধ্যে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথাও বলা হয়েছে।
রোববার (৫ এপ্রিল) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিস জানায়, সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এর গতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।
এই সময় ঝড়ের সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে নদীপথে চলাচলকারী নৌযানকে সতর্ক থাকতে বলা হয়েছে।
এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে। সতর্কবার্তাটি ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত কার্যকর থাকবে।
আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, মৌসুমি পরিবর্তনের সময় এ ধরনের ঝড়ো হাওয়া স্বাভাবিক। তবে বজ্রপাতের ঝুঁকি থাকায় খোলা স্থানে অবস্থান না করার পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়া নদীপথে যাত্রী ও মাঝিদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।
সার্বিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আবহাওয়া অধিদফতর।