সৌদিতে রোহিঙ্গাদের পাসপোর্টে নতুন নির্দেশ
ডেস্ক রিপোর্ট । সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সৌদি আরবে অবস্থানরত রোহিঙ্গাদের মধ্যে যাদের কাছে বাংলাদেশি নথিপত্র রয়েছে, তাদের দ্রুত পাসপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার সচিবালয়ে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়ার-এর সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ নির্দেশনা দেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বৈঠকে দুই দেশের আইনশৃঙ্খলা, নিরাপত্তা এবং সৌদি আরবে অবস্থানরত প্রায় ৬৯ হাজার রোহিঙ্গার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা হয়। পাশাপাশি পর্যটন ও জ্বালানি খাতে সৌদি বিনিয়োগ বাড়ানোর বিষয়েও কথা হয়।
বৈঠকে রাষ্ট্রদূত রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট প্রদানের প্রক্রিয়া আরও দ্রুত করার ওপর গুরুত্বারোপ করেন। জবাবে মন্ত্রী জানান, প্রয়োজনীয় কাগজপত্রের ভিত্তিতে ইতোমধ্যে প্রায় ২২ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট দেওয়া হয়েছে।
তিনি বলেন, এ কার্যক্রম ত্বরান্বিত করতে বাংলাদেশ থেকে বিশেষ টিম সৌদি আরবে পাঠানো হয়েছে। একই সঙ্গে তিনি সতর্ক করে দেন, পাসপোর্ট ইস্যুতে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম সহ্য করা হবে না।
মন্ত্রী আরও নির্দেশ দেন, যেসব মিয়ানমারের নাগরিক প্রয়োজনীয় শর্ত পূরণ করেছে, তাদের দ্রুত পাসপোর্ট প্রদান করতে হবে। এজন্য সৌদি আরব থেকে পূর্ণাঙ্গ তালিকা নিয়ে পুনরায় যাচাই-বাছাই করার কথাও বলেন তিনি।
বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে রাষ্ট্রদূত স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধিদলকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান। মন্ত্রী এ আমন্ত্রণ গ্রহণ করে জানান, আগামী জুলাইয়ের প্রথমার্ধে তিনি সৌদি সফরে যেতে পারেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ রোহিঙ্গাদের আইনি পরিচয় নিশ্চিত করার পাশাপাশি দুই দেশের সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।