১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের কথা জানালেন প্রধানমন্ত্রী তারেত রহমান - দিগন্ত জার্নাল

১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের কথা জানালেন প্রধানমন্ত্রী তারেত রহমান

স্বাস্থ্যকর্মী নিয়োগ, তারেক রহমান, স্বাস্থ্যখাত উন্নয়ন, যশোর মেডিকেল কলেজ, নারী কর্মসংস্থান, চিকিৎসাসেবা

নিজস্ব প্রতিবেদক ,সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

দেশের স্বাস্থ্য খাতে বড় ধরনের পরিবর্তন আনতে ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে প্রায় ৮০ শতাংশই নারী হবেন বলে জানিয়েছেন তিনি।

সোমবার যশোরে ৫০০ শয্যার যশোর মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ কাজের উদ্বোধনকালে তিনি এই ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকার মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে। সরকারি ব্যবস্থাপনায় বেসরকারি প্রতিষ্ঠানেও চিকিৎসাসেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, বিশ্বে চিকিৎসা ব্যয় দিন দিন বাড়ছে। তাই শুধু চিকিৎসা নয়, রোগ প্রতিরোধের ওপর জোর দিতে হবে। নতুন স্বাস্থ্যকর্মীরা তৃণমূল পর্যায়ে কাজ করবেন এবং বিশেষ করে পরিবারগুলোর মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়াবেন।

তারেক রহমান জানান, সঠিক খাদ্যাভ্যাস ও পুষ্টি সম্পর্কে মানুষকে সচেতন করলে অনেক রোগ প্রতিরোধ করা সম্ভব। এতে হাসপাতালের ওপর চাপও কমবে।

এর আগে তিনি শার্শায় উলাশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন। পরে যশোর মেডিকেল কলেজ ক্যাম্পাসে পৌঁছে হাসপাতালের ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন। একই সঙ্গে দড়াটানায় যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি ভবনের উদ্বোধন করেন।

দিনের কর্মসূচির অংশ হিসেবে বিকালে তিনি যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে একটি রাজনৈতিক সমাবেশেও যোগ দেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে।

Home » স্বাস্থ্যকর্মী নিয়োগ ঘোষণা
an adbox will go here