টিউলিপ সিদ্দিকের দায়িত্ব ছাড়ার দাবি: দ্য টাইমস
আন্তর্জাতিক ডেস্ক:
বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির অভিযোগ এবং লন্ডনে ‘উপহারের ফ্ল্যাট’ নিয়ে ব্রিটিশ সরকারের আর্থিক সেবাবিষয়ক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিককে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে ব্রিটিশ সংবাদপত্র দ্য টাইমস।
সম্পাদকীয়তে বলা হয়েছে, টিউলিপের বিরুদ্ধে ওঠা অভিযোগ তার পদে থাকার নৈতিকতা প্রশ্নবিদ্ধ করেছে। তিনি বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি, যিনি তার স্বজনদের সঙ্গে আর্থিক সম্পর্কের কারণে তদন্তের মুখে রয়েছেন।
সম্পাদকীয়তে আরও বলা হয়, শেখ হাসিনার মিত্রদের কাছ থেকে উপহার হিসেবে পাওয়া দুটি ফ্ল্যাটের বিষয়টি নিয়ে তদন্ত চলমান। একই সঙ্গে রূপপুর প্রকল্পে ৩.৯ বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগে বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করছে।
ফ্ল্যাট বিতর্ক ও তদন্ত:
টিউলিপের লন্ডনের দুটি ফ্ল্যাট উপহার হিসেবে পাওয়া এবং সেগুলোর আর্থিক উৎস নিয়ে বিতর্ক চলছে। একটি ফ্ল্যাট হ্যাম্পস্টেডে এবং অন্যটি কিংস ক্রস এলাকায়। অভিযোগ রয়েছে, শেখ হাসিনার মিত্রদের কাছ থেকে তিনি এসব উপহার পেয়েছেন।
রূপপুর প্রকল্পে সংশ্লিষ্টতা:
বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির অভিযোগে টিউলিপের পরিবারকেও অভিযুক্ত করা হয়েছে। রাশিয়ার অর্থায়নে পরিচালিত এই প্রকল্পে ২০১৩ সালে চুক্তি স্বাক্ষরের সময় টিউলিপ উপস্থিত ছিলেন।
দ্য টাইমস উল্লেখ করেছে, টিউলিপের দায়িত্বে থাকা যুক্তরাজ্যের আর্থিক সেবা খাতের জন্য তার এসব বিতর্কিত সংশ্লিষ্টতা ক্ষতিকর। তারা তার পদত্যাগের আহ্বান জানিয়ে বলেছে, তদন্তে নির্দোষ প্রমাণিত হলে তার দায়িত্বে ফেরার সুযোগ থাকবে।