লস অ্যাঞ্জেলেসের দাবানল: প্রাকৃতিক বিপর্যয় নাকি ব্যবস্থাপনার অদক্ষতা?
আন্তর্জাতিক ডেস্ক:
আন্তর্জাতিক ডেস্ক:
লস অ্যাঞ্জেলেসে চলমান দাবানল কেবল একটি প্রাকৃতিক বিপর্যয় নয়, বরং এটি ব্যবস্থাপনা, নীতি এবং অবকাঠামোর দুর্বলতার ফলও। ক্যালিফোর্নিয়ায় দাবানলের কারণে ১১ জনের মৃত্যু হয়েছে এবং হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। দাবানল নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়া এবং ক্ষয়ক্ষতির পরিমাণ ১৩৫ থেকে ১৫০ বিলিয়ন ডলার হতে পারে, যা ইতিহাসের অন্যতম বিধ্বংসী দাবানল।
প্রধান কারণ হিসেবে বিশেষজ্ঞরা বিদ্যুতের তারের সমস্যা এবং প্রাকৃতিক সম্পদের দুর্বল ব্যবস্থাপনাকে চিহ্নিত করেছেন। সাম্প্রতিক বছরগুলোতে মার্কিন সরকার বন ব্যবস্থাপনার জন্য বাজেট কমিয়েছে, যার ফলে শুকনো শাখা-পাতা এবং অন্যান্য দাহ্য বস্তু জমে গেছে। এর ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। উন্নত প্রযুক্তি এবং দক্ষ কর্মীর অভাবের কারণে আগুনের প্রাথমিক পরিস্থিতি চিহ্নিত করা সম্ভব হয়নি। জলবায়ু পরিবর্তনের ফলে তাপমাত্রা বৃদ্ধি এবং বৃষ্টিপাত কমে যাওয়ার কারণে দাবানলের বিস্তার আরও বাড়িয়েছে।
সরকারের অদক্ষ প্রতিক্রিয়া, পর্যাপ্ত অবকাঠামোর অভাব, দমকল সরঞ্জামের ঘাটতি এবং পানি সরবরাহের সীমাবদ্ধতা বিপর্যয়ের মাত্রা বাড়িয়েছে। তাছাড়া, ট্রাম্প প্রশাসনের পরিবেশ নীতির দুর্বলতা, যেখানে পরিবেশগত বাজেট কমানো হয়েছে এবং জলবায়ু পরিবর্তনকে গুরুত্ব না দেওয়া হয়েছে, এর প্রভাব পড়েছে। ট্রাম্প ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজমকে এই দাবানলের জন্য দায়ী করেছেন, যদিও বিশ্লেষকরা মনে করছেন যে, প্রকৃত সমস্যা সরকারের পক্ষ থেকে পরিবেশ নীতির অবহেলা এবং দুর্বল ব্যবস্থাপনায় নিহিত।

এভাবে, লস অ্যাঞ্জেলেসের দাবানল শুধুমাত্র একটি প্রাকৃতিক বিপর্যয় নয়, এটি কাঠামোগত দুর্বলতা, যথাযথ প্রস্তুতির অভাব এবং পরিবেশ নীতির অবহেলার ফল হিসেবে দেখা যাচ্ছে।