লস অ্যাঞ্জেলেসে দাবানল: ভয়াবহ ক্ষতি ও দিক পরিবর্তনের ফলে নতুন হুমকি
আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে পাঁচদিন ধরে চলমান দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে। এ পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং প্রায় ১০ হাজার স্থাপনা পুড়ে গেছে। দাবানলের নতুন দিক পরিবর্তনের ফলে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।
শুক্রবার রাত থেকে বাতাসের গতি কিছুটা কমলেও পশ্চিম লস অ্যাঞ্জেলেসের ‘প্যালেসেইডস’ দাবানলটি নতুন করে উত্তর-পূর্ব দিকে ছড়িয়ে পড়ছে। স্থানীয় ফায়ার সার্ভিস জানিয়েছে, এই দাবানল নিয়ন্ত্রণে বড় চ্যালেঞ্জ তৈরি করছে। ‘সান্তা অ্যানা’ ঝড়ো বাতাস দাবানলের বিস্তারে বড় ভূমিকা রেখেছে। তবে বাতাস কমে আসায় পরিস্থিতি উন্নতির সম্ভাবনা দেখা দিয়েছে।
দাবানল মোকাবিলায় কেন্দ্রীয় সরকার এবং সাতটি প্রতিবেশী অঙ্গরাজ্যের পাশাপাশি কানাডাও সহায়তা প্রদান করছে। জাতীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহান্তে আগুন নিয়ন্ত্রণে সুবিধা হতে পারে। তবু এ দাবানলে ১৩৫-১৫০ বিলিয়ন ডলারের আর্থিক ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
দাবানলের কারণে লাখ লাখ মানুষ বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাচ্ছেন। কালো ধোঁয়ায় বাতাস দূষিত হওয়ায় শারীরিক সমস্যার ঝুঁকিতে পড়েছেন স্থানীয়রা। ফায়ার সার্ভিস কর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকায় তল্লাশি চালিয়ে যাচ্ছেন এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
উৎস: রয়টার্স