গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ২৮ ফিলিস্তিনি, আহত ৮৯
আন্তর্জাতিক ডেস্ক:
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর হামলায় আরও ২৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮৯ জন। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬,৫৬৫ জনে। আহত হয়েছেন ১,০৯,৬৬০ জন।
স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে এখনো ১০ হাজারের বেশি মানুষ আটকা পড়ে আছেন। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে হিমশিম খাচ্ছেন।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির প্রস্তাব উপেক্ষা করেই ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। এ আগ্রাসনের ফলে প্রায় ২০ লাখ মানুষ গৃহহীন এবং গাজার ৬০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলায় ইসরাইলে ১,২০০ জন নিহত এবং ২৫০ জনেরও বেশি জিম্মি হন। এর পর থেকেই ইসরাইল ফিলিস্তিনের গাজা উপত্যকায় পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে।