দাবানলে নিহতের সংখ্যা ২৪, নিখোঁজ রয়েছে ১৬
আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ভয়াবহ দাবানলে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও ১৬ জন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, পাঁচদিন ধরে তাণ্ডব চালানো এই দাবানল এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। প্যালিসেডস, ইটন, কেনেথ, লিডিয়া, হার্স্ট এবং আর্চারের অনেক এলাকায় আগুন নতুন করে ছড়িয়ে পড়ছে।
লস অ্যাঞ্জেলস কাউন্টির মেডিকেল এক্সামিনারের তথ্য অনুযায়ী, দাবানলে ইতোমধ্যে ২৪ জন নিহত হয়েছেন এবং নিখোঁজ রয়েছেন ১৬ জন।
দাবানলের সর্বশেষ পরিস্থিতি:
প্যালিসেডস দাবানল নতুন করে আরও এক হাজার একর এলাকায় ছড়িয়েছে।
দাবানলে এখন পর্যন্ত পুড়েছে ৪০ হাজার একরের বেশি এলাকা।
সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে ১২ হাজারের বেশি বাড়িঘর ও স্থাপনা।
উদ্বাস্তু হয়েছেন এক লাখেরও বেশি মানুষ।
বাতাসের গতি বাড়তে থাকায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে।
ক্যালিফোর্নিয়ার ফায়ার সার্ভিস জানিয়েছে, দাবানল নিয়ন্ত্রণে আনতে কাজ চলছে। তবে এখন পর্যন্ত প্যালিসেডস দাবানলের মাত্র ১১ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
ন্যাশনাল ওয়েদার সার্ভিসের পূর্বাভাস অনুযায়ী, লস অ্যাঞ্জেলস ও ভেঞ্চুরা কাউন্টিতে বাতাসের গতি আরও বাড়তে পারে, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলতে পারে। একইসঙ্গে বাতাসে দূষণের মাত্রা বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে।