যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়ে ৯ জনের মৃত্যু - দিগন্ত জার্নাল

যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়ে ৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে বিরল শীতকালীন ঝড়ের কারণে তুষারপাত এবং হিমশীতল বৃষ্টিপাত হচ্ছে। আকস্মিক এই আবহাওয়ার প্রভাবে টেক্সাসের মহাসড়ক ও বিমানবন্দর সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। চরম ঠান্ডার কারণে এখন পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

টেক্সাসের অস্টিনে দুজন এবং জর্জিয়া ও মিলওয়াকিতে আরও দুজনের প্রাণহানির খবর নিশ্চিত হয়েছে। দক্ষিণ-পশ্চিম লুইজিয়ানায় প্রথমবারের মতো তুষারঝড়ের সতর্কতা জারি করা হয়েছে, আর ফ্লোরিডায় রেকর্ড তুষারপাত হচ্ছে।

অনলাইন ট্র্যাকার ফ্লাইটঅ্যাওয়ার-এর তথ্য অনুযায়ী, বুধবার যুক্তরাষ্ট্রজুড়ে ২২০০’র বেশি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল এবং প্রায় ১,৭৬৫ ফ্লাইটে বিলম্ব ঘটেছে। নিউইয়র্ক রাজ্যের কিছু অংশে ১৮ ইঞ্চি পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়েছে।

জাতীয় আবহাওয়া পরিষেবা (এনডব্লিউএস) জানিয়েছে, উপসাগরীয় উপকূলে ঐতিহাসিক তুষারপাতের সম্ভাবনা রয়েছে। পূর্ব টেক্সাস থেকে পশ্চিম ফ্লোরিডা পর্যন্ত প্রতি ঘণ্টায় এক ইঞ্চি বা তার বেশি তুষারপাত হতে পারে। এদিকে, ফ্লোরিডায় ৮ ইঞ্চি তুষারপাত হয়েছে, যা ১৯৫৪ সালের রেকর্ডের দ্বিগুণ।

লুইজিয়ানা, মিসিসিপি এবং আলাবামাসহ বেশ কয়েকটি রাজ্যের গভর্নররা ইতিমধ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। আবহাওয়া বিভাগ বাসিন্দাদের ভ্রমণ এড়ানোর পরামর্শ দিয়েছে, কারণ তাপমাত্রা জানুয়ারির গড়ের অনেক নিচে নেমে যেতে পারে।

তুষারঝড়টি টেক্সাসে আঘাত হানার পর বুধবার সকাল পর্যন্ত পূর্ব দিকে অগ্রসর হয় এবং জর্জিয়া, ফ্লোরিডার প্যানহ্যান্ডেল এবং উত্তর ও দক্ষিণ ক্যারোলাইনার দিকে বিস্তৃত হয়। এই তীব্র ঠান্ডা বাতাস এবং তুষারঝড় আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

an adbox will go here