হিজবুল্লাহর হুমকির পরও সেনা প্রত্যাহার করবে না ইসরাইল
আন্তর্জাতিক ডেস্ক:
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুক্রবার ঘোষণা করেছেন যে, ইসরাইল নির্ধারিত ৬০ দিনের সময়সীমার মধ্যে লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না। হিজবুল্লাহর হুমকির পরও ইসরাইল তাদের সিদ্ধান্তে অটল থাকবে।
ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ২৬ জানুয়ারির মধ্যে দক্ষিণ লেবাননের সব অবস্থান লেবাননের সশস্ত্র বাহিনীর কাছে হস্তান্তর করবে এবং হিজবুল্লাহকে লিটানি নদীর উত্তরে সরে যেতে হবে। তবে নেতানিয়াহুর কার্যালয় জানায়, এই প্রত্যাহারের প্রক্রিয়া শর্তসাপেক্ষ এবং চুক্তির শর্তগুলো এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি।
নেতানিয়াহু বলেন, লেবানন এখনও তাদের দায়িত্ব সম্পূর্ণ পালন করেনি, এবং তাই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সমন্বয় করে ধাপে ধাপে সেনা প্রত্যাহার প্রক্রিয়া চালানো হবে।
ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা সম্প্রতি দক্ষিণ লেবাননে অভিযান চালিয়ে হিজবুল্লাহর অস্ত্রভাণ্ডার উদ্ধার করেছে এবং লেবাননের সামরিক বাহিনীর কিছু সদস্য হিজবুল্লাহকে সহায়তা করছে। ফ্রান্স এবং যুক্তরাষ্ট্র এই পরিস্থিতিতে সেনা প্রত্যাহারের সময়সীমা বৃদ্ধি করার জন্য আলোচনা চালাচ্ছে।
হিজবুল্লাহ সতর্ক করেছে যে, নির্ধারিত সময়সীমার মধ্যে সেনা প্রত্যাহার না হলে তারা প্রতিরোধ গড়ে তুলবে। বিশেষজ্ঞরা মনে করছেন, ইসরাইল ও লেবাননের সীমান্তে উত্তেজনা আরও বৃদ্ধি পেতে পারে।