গাজায় যুদ্ধবিরতি টিকবে কি না, ইসরাইলিদের মতামত
আন্তর্জাতিক ডেস্ক:
গাজায় দীর্ঘ ১৫ মাস পর ইসরাইল ও হামাসের মধ্যে শুরু হওয়া যুদ্ধবিরতি টিকবে না বলে মনে করছেন ৩৯ শতাংশ ইসরাইলি নাগরিক। সম্প্রতি ইসরাইলি দৈনিক মারিভ পরিচালিত এক জরিপে এই তথ্য উঠে এসেছে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরাইলের ভূখণ্ডে নজিরবিহীন হামলা চালায়, যার ফলে ১২০০ ইসরাইলি নাগরিক নিহত হন এবং ২৫০ জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস। এর পর থেকে ইসরাইলি সেনাবাহিনী গাজায় অভিযান শুরু করে, যা ১৫ মাস ধরে চলতে থাকে এবং এতে ৪৭ হাজারেরও বেশি মানুষ নিহত হন। গত ১৯ জানুয়ারি হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তি সই হয়।
যুদ্ধবিরতি সফল হবে কি না—এই প্রশ্নে, ২৮ শতাংশ ইসরাইলি তা সফল হওয়ার আশা প্রকাশ করেছেন, ৩৯ শতাংশ নিশ্চিত যে এটি টিকবে না, এবং ৩৩ শতাংশ এখনও সন্দিহান।
এছাড়া, হামাসের ৭ অক্টোবরের হামলা এবং নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ চান ৬২ শতাংশ নাগরিক। ২৯ শতাংশ নেতানিয়াহুকে প্রধানমন্ত্রীর পদে দেখতে চান এবং ১৯ শতাংশ কোনো মন্তব্য করেননি।
লিকুদ পার্টির ১৮ শতাংশ সমর্থকও নেতানিয়াহুর পদত্যাগ চান, এবং বিরোধী দল ও সরকারি জোটভুক্ত দলের সমর্থকদের মধ্যে এই হার যথাক্রমে ৯৩ শতাংশ এবং ৩১ শতাংশ।