সিরিয়ায় তিন দিনে ৩৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে
আন্তর্জাতিক ডেস্ক:
সিরিয়ায় নতুন ইসলামপন্থী নেতাদের নিয়ন্ত্রণাধীন যোদ্ধারা গত তিন দিনে ৩৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। এদের বেশিরভাগই পলাতক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের আমলের সাবেক কর্মকর্তা।
যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, পশ্চিম হোমসে নতুন কর্তৃপক্ষের নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে এ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
সরকারি সংবাদ সংস্থা সানার বরাতে জানা যায়, অভিযুক্তরা বাসিন্দাদের ওপর নির্যাতন এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।
অবজারভেটরি আরও জানায়, নতুন সুন্নি ইসলামপন্থী জোটের অধীন সশস্ত্র গোষ্ঠীগুলো ক্ষমতা দখলের পর থেকে বিশৃঙ্খলা ও প্রতিশোধমূলক পদক্ষেপ নিচ্ছে। এতে আলাউই সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনারও উল্লেখ রয়েছে।