মুগ্ধ-আবু সাঈদসহ হত্যাকাণ্ডের বিচার হবেই: মান্না - দিগন্ত জার্নাল

মুগ্ধ-আবু সাঈদসহ হত্যাকাণ্ডের বিচার হবেই: মান্না

দিগন্ত জার্নাল ডেস্ক:
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, মুগ্ধ ও আবু সাঈদসহ সাধারণ মানুষের হত্যাকারীদের বিচার হবেই। যারা গুম, নির্যাতন ও আন্দোলন দমনের নামে অন্যায় করেছে, তাদেরও বিচারের আওতায় আনা হবে।

২৯ জানুয়ারী ২০২৫ বুধবার বিকেলে বগুড়ার শিবগঞ্জে শহিদ মীর মুগ্ধ স্কয়ারে যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে সভাপতিত্ব করেন শিবগঞ্জ উপজেলা যুব ঐক্যের সভাপতি অমিত হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় নাগরিক ঐক্যের সদস্য আব্দুর রাজ্জাক সজিব, শিবগঞ্জ উপজেলা নাগরিক ঐক্যের আহ্বায়ক শহিদুল ইসলাম, সাইদুর রহমান সাগরসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মান্না বলেন, “ভোট একটি অমূল্য সম্পদ। ভোটাধিকার রক্ষার জন্য বহু মানুষ প্রাণ দিয়েছেন। তাই দেশ বদলাতে হলে সঠিক দলকে বেছে নিতে হবে। চোর-ডাকাত ও ভোট চোরদের ভোট দেওয়া যাবে না।”

তিনি আরও বলেন, “চোর ও ডাকাত পুলিশ দিয়ে দেশ চলতে পারে না। সরকারের দুর্নীতি থাকলে প্রশাসনও দুর্নীতিগ্রস্ত হয়। ফ্যাসিস্ট শাসনের ফলে দেশে লুটপাট, গুম-খুন হয়েছে, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে। তাই এখনই সময় নতুন বাংলাদেশ গড়ার।”

সাবেক সরকারের কঠোর সমালোচনা করে মান্না বলেন, “সেই সময় মানুষের বাক-স্বাধীনতা ছিল না, পুলিশ নির্বিচারে গুলি চালিয়েছে। তাই জনগণকে সঠিক সিদ্ধান্ত নিয়ে নিজেদের পছন্দের সরকার নির্বাচিত করতে হবে।”

an adbox will go here