পশ্চিম তীরে ইসরাইলের বিমান হামলা, নিহত ১০
আন্তর্জাতিক ডেস্ক:
গাজায় যুদ্ধবিরতির পর অধিকৃত পশ্চিম তীরে বিমান হামলা জোরদার করেছে ইসরাইল। বুধবার (২৯ জানুয়ারি) ইসরাইলি সামরিক বাহিনীর হামলায় অন্তত ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বলা হয়েছে, পশ্চিম তীরে ইসরাইলি বিমান হামলায় ১০ জন নিহত হয়েছেন। তবে ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, তারা সশস্ত্র যোদ্ধাদের লক্ষ্য করেই হামলা চালিয়েছে।
ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় তুবাস এলাকায় এই হামলা হয়েছে।
গাজায় যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরেও সহিংসতা বেড়েছে। এ পর্যন্ত শত শত ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে বেসামরিক নাগরিকও রয়েছেন। পাশাপাশি, ইসরাইলি বাহিনী হাজার হাজার ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে।
উল্লেখ্য, ১৯৬৭ সালের যুদ্ধে পশ্চিম তীর দখল করে ইসরাইল। তবে গাজার পাশাপাশি ফিলিস্তিনিরা পশ্চিম তীরকেও তাদের ভবিষ্যৎ স্বাধীন রাষ্ট্রের মূল অংশ হিসেবে বিবেচনা করে।