বাংলাদেশসহ ৩ দেশে উন্নয়ন সহায়তা বন্ধের সিদ্ধান্ত সুইজারল্যান্ডের
আন্তর্জাতিক ডেস্ক:
বাংলাদেশসহ তিনটি দেশে উন্নয়ন সহায়তা কর্মসূচি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সুইজারল্যান্ড সরকার। সুইস উন্নয়ন ও সহযোগিতা সংস্থা (এসডিসি) পরিচালিত প্রকল্পগুলোর সহায়তা ২০২৮ সালের মধ্যে পর্যায়ক্রমে বন্ধ করা হবে। সুইস পার্লামেন্টে এ সিদ্ধান্তের বিষয়ে সুইস ফেডারেল কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, দ্বিপক্ষীয় উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ, আলবেনিয়া ও জাম্বিয়ায় চলমান উন্নয়ন কর্মসূচি বন্ধ করা হবে। বাস্তব পরিস্থিতি, সুইজারল্যান্ডের দীর্ঘমেয়াদী স্বার্থ (কূটনৈতিক ও অর্থনৈতিক) এবং অন্যান্য দেশের তুলনায় এই দেশগুলোতে সুইস আন্তর্জাতিক সহযোগিতার সামগ্রিক গুরুত্ব বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাজেট সংকোচনের প্রভাব
গত ডিসেম্বরে সুইস পার্লামেন্ট বিদেশি সহায়তার বাজেট কমানোর সিদ্ধান্ত নেয়। ২০২৫ সালের আন্তর্জাতিক সহযোগিতা বাজেট থেকে ১১০ মিলিয়ন সুইস ফ্রাঁ ($১২১ মিলিয়ন) এবং ২০২৬-২০২৮ সালের জন্য নির্ধারিত আর্থিক পরিকল্পনা থেকে ৩২১ মিলিয়ন সুইস ফ্রাঁ কমানো হয়েছে।
এ বাজেট কাটছাঁটের ফলে দ্বিপক্ষীয়, অর্থনৈতিক ও বিষয়ভিত্তিক সহযোগিতা এবং বহুপক্ষীয় সংস্থাগুলোর অর্থায়ন প্রভাবিত হবে। তবে মানবিক সহায়তা, শান্তি প্রতিষ্ঠা এবং ইউক্রেনের জন্য বরাদ্দকৃত তহবিল অপরিবর্তিত থাকবে।
২০২৮ সালের মধ্যে বাংলাদেশে এসডিসির কার্যক্রম বন্ধ
বুধবার সুইজারল্যান্ডের নির্বাহী পরিষদ ফেডারেল কাউন্সিল এই বাজেট সংকোচনের বিষয়ে অবহিত হয়। এর পরিপ্রেক্ষিতে এসডিসি ২০২৮ সালের মধ্যে বাংলাদেশ, আলবেনিয়া ও জাম্বিয়ায় দ্বিপক্ষীয় উন্নয়ন কর্মসূচি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। ২০২৫ থেকে ২০২৮ সালের মধ্যে নির্দিষ্ট দেশ ও বিষয়ভিত্তিক কর্মসূচির পাশাপাশি বিভিন্ন সংস্থার জন্য বরাদ্দও কমানো হবে।
সূত্র: সুইস ইনফো