আ’লীগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের স্ত্রীর সম্পদ জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
দিগন্ত জার্নাল ডেস্ক:
সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের স্ত্রী আরিফা জেসমিনের ২৮ বিঘা জমি জব্দ এবং ১৯টি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন।
দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান, দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম পৃথক দুটি আবেদন করেন, যা শুনানি শেষে আদালত মঞ্জুর করেন।
আবেদনে উল্লেখ করা হয়, আরিফা জেসমিনের নামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদ হস্তান্তর বা স্থানান্তরের আশঙ্কা রয়েছে। সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে এসব সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করা জরুরি। পাশাপাশি, মামলার স্বার্থে তাকে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) পলক ও তার স্ত্রী আরিফা জেসমিনের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করে।