আবরার হত্যা: হাইকোর্টে রাষ্ট্রপক্ষের যুক্তি শেষ, আজ আসামিপক্ষের শুনানি
দিগন্ত জার্নাল ডেস্ক:
বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের শুনানিতে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হয়েছে। আজ (বুধবার) আসামিপক্ষের আইনজীবীরা তাদের যুক্তি তুলে ধরবেন।
মঙ্গলবার বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ শুনানি গ্রহণ করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আদালতে বলেন, সিসিটিভি ফুটেজ, সাক্ষ্য ও ময়নাতদন্ত প্রতিবেদন হত্যার ঘটনার সঙ্গে আসামিদের সম্পৃক্ততা প্রমাণ করে। বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজা বহাল থাকা উচিত বলেও তারা মত দেন।
২০২১ সালের ৮ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এই মামলায় ২০ জনকে মৃত্যুদণ্ড ও ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। ২০২২ সালের জানুয়ারিতে মামলাটি ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে ওঠে এবং একইসঙ্গে আসামিদের আপিল গ্রহণ করা হয়।
রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জসিম সরকার বলেন, আবরারকে রাতভর শেরে বাংলা হলের ২০১১ নম্বর কক্ষে পিটিয়ে হত্যা করা হয়। ৪৬ জন সাক্ষীর সাক্ষ্য এবং সিসিটিভি ফুটেজে আসামিদের উপস্থিতি স্পষ্টভাবে দেখা যায়।
আজ (বুধবার) আসামিপক্ষ তাদের যুক্তি উপস্থাপন করবে, এরপর রাষ্ট্রপক্ষ তাদের প্রত্যুত্তর দেবে।