জেলেনস্কিকে ‘স্বৈরশাসক’ বললেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ‘স্বৈরশাসক’ বলে অভিহিত করেছেন, যা তাদের মধ্যে বিদ্যমান মতবিরোধকে আরও বাড়িয়ে তুলেছে। যুক্তরাষ্ট্র এতদিন ইউক্রেনকে সামরিক ও আর্থিক সহায়তা দিয়ে আসলেও ট্রাম্পের ক্ষমতায় ফেরার পর হঠাৎ করে দেশটির প্রতি নীতি পরিবর্তন করেছে এবং রাশিয়ার সঙ্গে আলোচনা শুরু করেছে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘নির্বাচন ছাড়াই জেলেনস্কি একজন স্বৈরশাসক হিসেবে ক্ষমতায় আছেন। তাকে দ্রুত পদক্ষেপ নিতে হবে, নইলে তার দেশ থাকবে না।’ তিনি অভিযোগ করেন, জেলেনস্কি ২০২৪ সালের এপ্রিল মাসে নির্ধারিত নির্বাচন আয়োজন থেকে বিরত থেকেছেন, যা ২০২২ সালে রুশ আগ্রাসনের পর বিলম্বিত হয়।
ট্রাম্প জেলেনস্কিকে কটাক্ষ করে বলেন, তিনি মূলত একজন সফল কৌতুকাভিনেতা, যিনি যুক্তরাষ্ট্রকে ৩৫ হাজার কোটি ডলার খরচ করিয়েছেন এমন এক যুদ্ধে, যা কখনোই জেতা সম্ভব নয় এবং যা কখনোই শুরু হওয়া উচিত ছিল না। তিনি আরও বলেন, বাইডেন প্রশাসনকে চাপে ফেলে সামরিক সহায়তা আদায়ের কাজে জেলেনস্কি দক্ষ ছিলেন, কিন্তু তার দেশ আজ বিধ্বস্ত এবং লাখো মানুষ প্রাণ হারিয়েছে।
ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, চলতি মাসেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, ‘আমি মনে করি, আমার এই যুদ্ধ শেষ করার ক্ষমতা আছে এবং আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।’
সূত্র: ভয়েস অব আমেরিকা, এএফপি