উত্তর কোরিয়ার পরমাণু সক্ষমতা নিয়ে উদ্বেগ, পরিদর্শন চায় আইএইএ
আন্তর্জাতিক ডেস্ক:
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর আপত্তি উপেক্ষা করেই ক্রমাগত পরমাণু সক্ষমতা বাড়িয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। নিয়মিত ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে শক্তি প্রদর্শন করছে কিম জং উনের সরকার। এই পরিস্থিতিতে উত্তর কোরিয়ায় বিশেষজ্ঞদের উপস্থিতি নিশ্চিত করতে চায় আইএইএ।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) টোকিওতে এক সংবাদ সম্মেলনে আইএইএ মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেন, “উত্তর কোরিয়ায় আমাদের পরিদর্শন কার্যক্রম পুনরায় শুরু করা জরুরি। পারমাণবিক নিরাপত্তার স্বার্থে সেখানে সংস্থার বিশেষজ্ঞদের উপস্থিতি নিশ্চিত করতে হবে।”
গ্রোসি স্বীকার করেন যে, এই উদ্যোগ বাস্তবায়ন করা কঠিন হবে। তিনি বলেন, “শেষবার ২০০৯ সালে আমরা উত্তর কোরিয়ায় পরিদর্শন করেছি, যা অনেক আগের ঘটনা। এখন সেখানে ফিরে যাওয়ার পথ খুঁজতে হবে।”
আইএইএ প্রধান জানান, উত্তর কোরিয়াকে পারমাণবিক কার্যক্রম থেকে সরে আসতে উৎসাহিত করতে চীন, জাপানসহ অন্যান্য দেশগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে। বিশেষ করে যারা বৈশ্বিক পারমাণবিক নিরস্ত্রীকরণ ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য কাজ করছে।