ইসরাইলে হামাসের পাঠানো ‘অজ্ঞাত’ মরদেহ নিয়ে উত্তেজনা - দিগন্ত জার্নাল

ইসরাইলে হামাসের পাঠানো ‘অজ্ঞাত’ মরদেহ নিয়ে উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরাইলে হামাসের পাঠানো ‘অজ্ঞাত’ মরদেহ নিয়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে গাজার খান ইউনিস থেকে হামাসের দেওয়া একটি মরদেহ রেডক্রস ইসরাইলি বাহিনীর কাছে হস্তান্তর করেছে। হামাস দাবি করছে, এটি ইসরাইলি জিম্মি সিরি বিবাসের মরদেহ।

এর আগে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) হামাস ও ইসলামিক জিহাদ চার জিম্মির মরদেহ ইসরাইলকে ফেরত দেয়। তবে ইসরাইল জানিয়েছিল, এর মধ্যে তিনজন তাদের নাগরিক হলেও অপরজন ছিল গাজার এক অজ্ঞাত নারী। হামাস যাকে সিরি বিবাস বলে উল্লেখ করেছিল। এই ঘটনার পর দুই পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে এবং যুদ্ধের শঙ্কা তৈরি হয়েছে।

টাইমস অব ইসরাইল জানিয়েছে, ইসরাইলি বাহিনী রেডক্রসের কাছ থেকে মরদেহটি গ্রহণ করে তেলআবিবের আবু কারিম ফরেনসিক ইনস্টিটিউটে পাঠিয়েছে, যেখানে পরীক্ষা করে নিশ্চিত করা হবে এটি সত্যিই সিরি বিবাসের মরদেহ কি না।

হামাসের সিনিয়র কর্মকর্তা মাহমুদ মার্দাওয়াই আল-আকসা টিভিকে জানিয়েছেন, তারা সিরি বিবাসের মরদেহ ফেরত পাঠিয়েছে। তবে ইসরাইল দাবি করছে, হামাস ভুল করে অন্য এক নারীর মরদেহ পাঠিয়েছে। হামাস জানিয়েছে, ইসরাইলের বিমান হামলায় সিরি বিবাসের দেহ ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল, তাই তারা ভুল করে অন্য মরদেহ পাঠিয়ে থাকতে পারে। তারা গাজার ‘অজ্ঞাত’ ওই নারীর মরদেহও ফেরত চেয়েছে।

তথ্যসূত্র: টাইমস অব ইসরাইল

an adbox will go here