ফিলিস্তিনি বন্দিদের মুক্তি না দিলে ইসরাইলের সঙ্গে আলোচনা স্থগিত করবে হামাস - দিগন্ত জার্নাল

ফিলিস্তিনি বন্দিদের মুক্তি না দিলে ইসরাইলের সঙ্গে আলোচনা স্থগিত করবে হামাস

আন্তর্জাতিক ডেস্ক:

ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস ঘোষণা দিয়েছে, যদি ইসরাইল ৬০২ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি না দেয়, তবে তাদের সঙ্গে চলমান আলোচনা স্থগিত করা হবে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) গাজা থেকে ছয় ইসরাইলি বন্দির মুক্তির বিনিময়ে ইসরাইলের পক্ষ থেকে ফিলিস্তিনি বন্দিদের মুক্তির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু রোববার (২৩ ফেব্রুয়ারি) হামাসের কর্মকর্তা মাহমুদ মারদাউই টেলিগ্রামে এক বিবৃতিতে জানান, ইসরাইল এখনো তাদের প্রতিশ্রুতি পালন করেনি।

তিনি বলেন, “ইসরাইল যেন তাদের আগের প্রতিশ্রুতি পালন করে এবং ৬০২ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়।” পাশাপাশি, মিশর ও কাতারসহ মধ্যস্থতাকারীদের ইসরাইলের ওপর চাপ সৃষ্টি করতে আহ্বান জানান তিনি।

এ বিষয়ে এক মিশরীয় কর্মকর্তা জানিয়েছেন, ফিলিস্তিনি বন্দিদের মুক্তি না হওয়া পর্যন্ত মিশর ইসরাইলের অন্য কোনো দাবি নিয়ে আলোচনা করবে না।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর থেকে জানানো হয়েছে, বন্দিদের মুক্তি বিলম্বিত হবে যতক্ষণ না হামাস ইসরাইলি বন্দিদের মুক্তির সময় তাদের আনুষ্ঠানিকতা বন্ধ করে। হামাস এ সিদ্ধান্তকে যুদ্ধবিরতির লঙ্ঘন বলে অভিহিত করে ইসরাইলকে চুক্তিভঙ্গের দায়ে অভিযুক্ত করেছে।

an adbox will go here