প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে জুলাই আন্দোলনে আহতদের অবস্থান - দিগন্ত জার্নাল

প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে জুলাই আন্দোলনে আহতদের অবস্থান

দিগন্ত জার্নাল ডেস্ক:

জুলাই আন্দোলনে আহতরা আজ বুধবার রাজধানীর তেজগাঁওয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন। দুপুরে মিছিল নিয়ে সেখানে পৌঁছে তারা সড়কে বসে পড়েন এবং উপযুক্ত ক্ষতিপূরণ ও সহায়তার দাবিতে স্লোগান দেন।

সরেজমিনে দেখা গেছে, উপদেষ্টার কার্যালয়ের প্রবেশগেটের সামনের সড়কে অবস্থান নেওয়া আহতদের চারপাশে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ও এপিবিএন সদস্যরা অবস্থান নিয়েছেন।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা বলেন, জুলাই-আগস্ট আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের সদস্যরা ন্যায়সংগত দাবির জন্য এখানে এসেছেন। তারা অভিযোগ করেন, আহতদের ক্যাটাগরি বিন্যাসে বৈষম্য করা হয়েছে, যা দ্রুত সংশোধন করতে হবে। পাশাপাশি শহিদ পরিবারের সদস্যদের পুনর্বাসন প্রক্রিয়া ত্বরান্বিত করার দাবি জানান তারা।

তাদের বক্তব্য, যতক্ষণ পর্যন্ত সুস্পষ্ট নির্দেশনা না আসবে, ততক্ষণ অবস্থান কর্মসূচি চলবে। এর আগেও আহতরা স্বীকৃতি ও পুনর্বাসনের দাবিতে শ্যামলী, শাহবাগ ও প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অবস্থান নিয়েছিলেন।

an adbox will go here