ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ১৩ বাংলাদেশি গ্রেপ্তার
আন্তর্জাতিক ডেস্ক:
অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের ত্রিপুরা ও মেঘালয় থেকে মোট ১৩ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার ভারত সরকারের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
ভারতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানায়, রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ত্রিপুরার গোমতি জেলার নতুনবাজার এলাকার উপজাতি অধ্যুষিত ধনিয়াবাড়িতে অভিযান চালায় বিএসএফ। এ সময় আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার সময় চারজনকে গ্রেপ্তার করা হয়।
বিএসএফের একজন কর্মকর্তা জানান, গ্রেপ্তারদের মধ্যে দু’জন ত্রিপুরার নতুনবাজার এলাকার বাসিন্দা, আর বাকি দু’জনের বাড়ি বাংলাদেশের খাগড়াছড়ি জেলায়। পরে নতুনবাজারে পৃথক আরেকটি অভিযানে আরও পাঁচজনকে গ্রেপ্তার করে বিএসএফ। এদের মধ্যে দু’জন বাংলাদেশি নাগরিক বলে জানা গেছে।
অন্যদিকে, মেঘালয়ের আন্তর্জাতিক সীমান্তেও পৃথক অভিযানে ১১ জনকে গ্রেপ্তার করেছে বিএসএফ, যাদের মধ্যে ৯ জনই বাংলাদেশি। মেঘালয় সীমান্তে গত দুই সপ্তাহ ধরে চালানো বিশেষ অভিযানে এসব গ্রেপ্তার হয় বলে জানিয়েছেন বিএসএফের এক কর্মকর্তা।
এ সময় গ্রেপ্তারদের কাছ থেকে ২ কোটি রুপিরও বেশি মূল্যের মাদকদ্রব্য জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত বাংলাদেশিদের কাছ থেকে কোনো বৈধ ভ্রমণ নথি পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে বিএসএফ।
বিএসএফের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, “মেঘালয় সীমান্তে অবৈধ কার্যক্রম প্রতিরোধে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে বিএসএফ। গত দুই সপ্তাহে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে ৯ জন বাংলাদেশি এবং ২ জন ভারতীয় দালাল। এসব গ্রেপ্তারকৃতরা আন্তঃসীমান্ত চোরাচালানের সঙ্গে জড়িত বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।”
একই সময়ে ২ কোটি ১৩ লাখ রুপি মূল্যের মাদক ও অন্যান্য চোরাচালান পণ্য জব্দ করেছে বিএসএফ।