নারী ও শিশু নির্যাতন উদ্বেগজনক হারে বাড়ছে: সালাহউদ্দিন আহমেদ - দিগন্ত জার্নাল

নারী ও শিশু নির্যাতন উদ্বেগজনক হারে বাড়ছে: সালাহউদ্দিন আহমেদ

দিগন্ত জার্নাল ডেস্ক :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, দেশে নারী ও শিশুদের প্রতি নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। সরকারকে এটি কঠোর হাতে দমন করতে হবে, অন্যথায় দেশের ভাবমূর্তি নষ্ট হবে। শনিবার (৮ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির মাঠে বিশ্ব নারী দিবস উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি এসব ঘটনার বিরুদ্ধে দলীয়ভাবে প্রতিবাদ জানিয়েছে এবং তিনি ব্যক্তিগতভাবেও নিন্দা প্রকাশ করেন। একইসঙ্গে বিগত ফ্যাসিস্ট সরকারকে বিচারহীনতার সংস্কৃতি তৈরির জন্য দায়ী করেন এবং দেশের সাম্প্রতিক অস্থিতিশীল পরিস্থিতির পেছনে আওয়ামী ফ্যাসিবাদের হাত রয়েছে কি না, তা খতিয়ে দেখার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, জুলাই বিপ্লবে ছাত্রীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও তাদের যথাযথ মূল্যায়ন করা হয়নি। তিনি অভিযোগ করেন, সবক্ষেত্রে নারীদের নির্যাতন করা হচ্ছে এবং বিচারহীনতার সংস্কৃতির ফলে অপরাধীরা আরও উৎসাহিত হচ্ছে। সরকারকে এসব ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, সাবেক এমপি শিরীন সুলতানা, অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আর্নি, শাম্মী আক্তার, নিলুফার চৌধুরী মনি, রেহানা আক্তার রানুসহ অনেকে।

অনুষ্ঠানে বিগত সরকারের সময়ে ডিজিটাল নিরাপত্তা আইনে কারাবরণকারী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কোবরা প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ভিন্নমত সহ্য করতে না পারার কারণে তাকে কারাবন্দি করা হয়েছিল। তিনি বলেন, নারীরা কখনোই নিরাপদ ছিল না, এখনো নেই। বিশেষ করে মাগুরার শিশুটির ওপর পাশবিক নির্যাতনের ঘটনায় এখনো জোরালো পদক্ষেপ নেওয়া হয়নি, যা দুঃখজনক।

অনুষ্ঠানে ছাত্রদলের পক্ষ থেকে জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ পরিবার এবং খাদিজাতুল কোবরাকে বই, কুরআন শরিফ ও জায়নামাজ উপহার দেওয়া হয়।

an adbox will go here