ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট দুতার্তে গ্রেফতার - দিগন্ত জার্নাল

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট দুতার্তে গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক:


আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)-এর পরোয়ানার ভিত্তিতে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তেকে ম্যানিলার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার এপির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ফিলিপাইন সরকারের বিবৃতিতে জানানো হয়, দুতার্তের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্ত করছে আইসিসি, বিশেষ করে তার মাদকবিরোধী অভিযানের সময় নির্বিচার হত্যাকাণ্ডের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। আইসিসি ২০১১-২০১৯ সালের মধ্যে দুতার্তের দাভাও শহরের মেয়র ও প্রেসিডেন্ট থাকা অবস্থায় পরিচালিত মাদকবিরোধী অভিযানে সংঘটিত হত্যাকাণ্ডগুলোকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করেছে।

মানবাধিকার সংগঠনগুলোর দাবি, দুতার্তে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের জন্য সরাসরি দায়ী। ২০২১ সালে দুতার্তে প্রশাসন আইসিসির তদন্ত স্থগিতের চেষ্টা করলেও ২০২৩ সালে আদালত তদন্ত পুনরায় শুরুর নির্দেশ দেয়। যদিও ফিলিপাইন সরকার আইসিসির সদস্যপদ থেকে সরে এসেছে, তবে ইন্টারপোলের রেড নোটিশের মাধ্যমে গ্রেফতারি আদেশ জারি হলে বর্তমান প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র এ বিষয়ে সহযোগিতা করেন।

এদিকে দুতার্তের আইনজীবীরা আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

an adbox will go here