জাতীয় সংসদ নির্বাচন বিলম্ব করতে এনসিপি গোলমাল করছে: জয়নুল আবদিন ফারুক
দিগন্ত জার্নাল ডেস্ক:
জাতীয় সংসদ নির্বাচন বিলম্ব করতে শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গোলমাল সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ, জয়নুল আবদিন ফারুক।
বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এক নাগরিক সমাবেশে তিনি এই মন্তব্য করেন। নাগরিক ফোরাম ‘গণতন্ত্র ফোরাম’-এর উদ্যোগে আয়োজিত এই সমাবেশে সারা দেশে নারী সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়।
জয়নুল আবদিন ফারুক বলেন, ‘জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে নিরপেক্ষ নির্বাচন অত্যন্ত প্রয়োজনীয়। আমরা দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের দাবি জানাই।’
তিনি আরও বলেন, ‘এনসিপি গণপরিষদ নির্বাচন ও জাতীয় সংসদ নির্বাচন করার পরিকল্পনা নিয়ে সরকারকে পরামর্শ দিয়েছে, কিন্তু আমি মনে করি, গণপরিষদ নয়, বাংলাদেশের মানুষের আসল দাবি হলো একটি নিরপেক্ষ জাতীয় নির্বাচন।’
এনসিপি এবং প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে তিনি বলেন, ‘এখন সময় এসেছে এমন একটি নির্বাচন আয়োজনের, যাতে জনগণ তাদের পছন্দসই প্রার্থীকে ভোট দিতে পারে।’
জয়নুল আবদিন ফারুকের দাবি, ‘ফ্যাসিস্টদের বিচার করতে হলে, জনপ্রতিনিধির সরকার প্রয়োজন। তাই সরকারে উচিত বিলম্ব না করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা।’