আছিয়া ধর্ষণ ও মৃত্যু মেনে নিতে পারছে না দেশবাসী: রিজভী
দিগন্ত জার্নাল ডেস্ক :
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শিশু আছিয়াকে ধর্ষণের পর হত্যার ঘটনা দেশবাসী কোনোভাবেই মেনে নিতে পারছে না। প্রশাসনের শ্লথ আচরণের কারণে দুষ্কৃতকারীরা বারবার আশ্রয় পাচ্ছে।
শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী অভিযোগ করেন, বিগত ১৬ বছরের শাসনে হত্যা, গুম, খুন, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন বেড়েছে। তিনি বলেন, “শেখ হাসিনার শাসনে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্যাতনসহ লুটপাট, টাকা পাচারের মহোৎসব চলছে।”
তিনি আরও বলেন, “সম্প্রতি মাগুরায় ৮ বছরের শিশু আছিয়াকে বোনের শ্বশুরবাড়িতে ধর্ষণ ও মৃত্যুর ঘটনা পুরো জাতিকে বেদনাহত করেছে।”
সংবাদ সম্মেলনে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।