লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজে ফের হামলা, হুথিদের হুঁশিয়ারি - দিগন্ত জার্নাল

লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজে ফের হামলা, হুথিদের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক:

লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজের ওপর ফের হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। গত ৭২ ঘণ্টার মধ্যে চতুর্থবারের মতো ইউএসএস হ্যারি ট্রুম্যান বিমানবাহী রণতরীসহ অন্যান্য জাহাজ লক্ষ্য করে গোলাবর্ষণ করেছে তারা।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, এই অভিযানে যুক্তরাষ্ট্রের জাহাজ লক্ষ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়, যা ইয়েমেনে মার্কিন পরিকল্পিত আক্রমণ ব্যর্থ করে দিয়েছে। তিনি বলেন, “মার্কিন আগ্রাসন ফিলিস্তিনিদের প্রতি ইয়েমেনের সমর্থন বন্ধ করতে পারবে না, বরং গাজায় অবরোধ ও হামলা বন্ধ না হওয়া পর্যন্ত ইসরাইলের ওপর আরও হামলা চলবে।”

এদিকে, ইয়েমেনের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, সাম্প্রতিক কয়েক ঘণ্টায় সাদা ও বন্দর শহর হোদেইদাহসহ দেশটির বিভিন্ন এলাকায় মার্কিন বাহিনী হামলা চালিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ১৫ মার্চ থেকে ইয়েমেনে হুথি বিদ্রোহীদের ওপর বড় ধরনের বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র, যাতে কমপক্ষে ৫৩ জন নিহত হয়েছেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, “আমরা ইয়েমেনে নয়, হুথিদের ওপর হামলা চালাচ্ছি। আর ঘটনাক্রমে হুথিরা ইয়েমেনেই অবস্থান করে।” তিনি দাবি করেন, লোহিত সাগরে হুথিদের হামলা প্রতিরোধ করতেই মার্কিন সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে।

সূত্র: আলজাজিরা, ফক্স নিউজ রেডিও

an adbox will go here