গাজায় বিমান হামলার পর স্থল অভিযান জোরদার করছে ইসরাইল - দিগন্ত জার্নাল

গাজায় বিমান হামলার পর স্থল অভিযান জোরদার করছে ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক:

গাজায় বিমান হামলা চালিয়ে ৯৭০ জনের বেশি মানুষকে হত্যার পর এবার স্থল অভিযান জোরদারের কথা জানিয়েছে ইসরাইলি বাহিনী। দেশটির প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তাদের সেনারা গাজার উত্তর ও দক্ষিণ অংশকে বিভক্তকারী নেটজারিম করিডোর পর্যন্ত অগ্রসর হয়েছে। খবর রয়টার্সের।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় নতুন করে হামলা জানুয়ারি থেকে চলে আসা নমনীয় যুদ্ধবিরতি চুক্তির অবসান বোঝাচ্ছে। জাতিসংঘ জানিয়েছে, দেইর আল-বালাহ এলাকায় তাদের দপ্তর প্রাঙ্গণে বিস্ফোরণে এক কর্মীসহ দুজন নিহত হয়েছেন। তবে ইসরাইল এ ঘটনার দায় অস্বীকার করেছে এবং বিষয়টি তদন্তের আশ্বাস দিয়েছে।

ইসরাইলি বাহিনী বেইত হানুনসহ যেসব এলাকায় সামরিক অগ্রসরতা চালাচ্ছে, সেসব এলাকা খালি করার নির্দেশ জারি করেছে। বিবিসির মতে, এটি বড় ধরনের স্থল অভিযান শুরুর ইঙ্গিত। নিরাপত্তাহীনতার কারণে অনেক ফিলিস্তিনি পরিবার পুনরায় বাস্তুচ্যুত হচ্ছে।

বুধবার ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ এক ভিডিও বার্তায় ফিলিস্তিনকে ‘শেষবারের মতো সতর্ক’ করে বলেন, হামাসের দাবি মানা না হলে গাজা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। ইসরাইলের দাবি, হামাস এখনও ৫৯ জনকে জিম্মি করে রেখেছে, যাদের মধ্যে ২৪ জন জীবিত।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস গাজায় জাতিসংঘ দপ্তর লক্ষ্য করে চালানো হামলার পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরাইলে প্রায় ১,২০০ জন নিহত হয় এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। এরপর ইসরাইলের পাল্টা আক্রমণে সাড়ে ৪৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়।

an adbox will go here