সংস্কার প্রশ্নে ঐকমত্য গঠনে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এলডিপির সংলাপ শুরু - দিগন্ত জার্নাল

সংস্কার প্রশ্নে ঐকমত্য গঠনে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এলডিপির সংলাপ শুরু

দিগন্ত জার্নাল ডেস্ক :

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সংলাপ শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।

সংলাপে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজসহ পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন, বিচার বিভাগ সংস্কার কমিশনের সদস্য বিচারপতি এমদাদুল হক এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান উপস্থিত ছিলেন।

এলডিপির প্রতিনিধি দলে ছিলেন দলটির সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ, মহাসচিব রেদোয়ান আহমেদ, প্রেসিডিয়াম সদস্য নেয়ামূল বশির, আওরঙ্গজেব বেলাল, কে কিউ সাকলায়েন, ওমর ফারুক, উপদেষ্টামণ্ডলীর সদস্য মাহবুবুর রহমান ও যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী।

সংস্কার প্রশ্নে জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়। কমিশন গত ১৫ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে।

প্রথম ধাপে সংবিধান, জনপ্রশাসন, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার নিয়ে সুপারিশ তৈরি করা হয়। রাজনৈতিক দলগুলোর মতামত জানতে এসব সুপারিশ স্প্রেডশিট আকারে ৩৮টি রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছিল। ১৩ মার্চের মধ্যে মতামত চাওয়া হলেও এ পর্যন্ত ১৫টি রাজনৈতিক দল তাদের মতামত দিয়েছে।

an adbox will go here

এই বিষয়ে আরো পড়ুন