নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন খালেদা জিয়া - দিগন্ত জার্নাল

নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন খালেদা জিয়া

দিগন্ত জার্নাল ডেস্ক:

দীর্ঘদিন পর পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ঈদের এই খুশির দিনে তিনি নিজ দলের নেতাকর্মীদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেছেন।

বর্তমানে চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করা খালেদা জিয়া সেখান থেকেই দলের নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়ালি শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও শুভেচ্ছা বিনিময়ে অংশ নেন।

সোমবার (৩১ মার্চ) রাত ৯টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে লন্ডন থেকে যুক্ত হয়ে শুভেচ্ছা বিনিময় করেন তারা। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকুসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

এছাড়াও বিএনপি ভাইস-চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, ঢাকা মহানগর কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

an adbox will go here