রাগবি বিশ্বকাপ আয়োজনের দৌড়ে সৌদি, কাতার ও আমিরাত - দিগন্ত জার্নাল

রাগবি বিশ্বকাপ আয়োজনের দৌড়ে সৌদি, কাতার ও আমিরাত

দিগন্ত জার্নাল ডেস্ক:

২০২২ সালে সফলভাবে ফুটবল বিশ্বকাপ আয়োজনের পর এবার রাগবি বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা করছে মধ্যপ্রাচ্যের তিন দেশ—সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত। তারা ২০৩৫ অথবা ২০৩৯ বিশ্বকাপের আয়োজক হতে বিড করার প্রস্তুতি নিচ্ছে। এশিয়া মহাদেশের রাগবি নিয়ন্ত্রক সংস্থা এশিয়া রাগবি এই তিন দেশকে আয়োজক স্বত্ব দেওয়ার ব্যাপারে জোরালো সমর্থন দিচ্ছে।
২০৩৫ বিশ্বকাপের আয়োজক নির্বাচনের বিডিং প্রক্রিয়া আগামী দুই বছরের মধ্যে শুরু হবে। ইতালি ও স্পেন ইতোমধ্যেই আয়োজনের দৌড়ে রয়েছে। তারা যদি ২০৩৫ বিশ্বকাপের আয়োজক হয়, তবে ২০৩৯ বিশ্বকাপের জন্য সৌদি, কাতার ও আমিরাত বিড করবে। এশিয়ায় এখন পর্যন্ত মাত্র একবার রাগবি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে—২০১৯ সালে জাপানে। ভবিষ্যতে জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়া যৌথভাবে আয়োজন করতে পারে, তবে এশিয়া রাগবির প্রধান লক্ষ্য মধ্যপ্রাচ্যকে আয়োজনের সুযোগ দেওয়া। ফুটবলে স্বাগতিক দেশ সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পেলেও রাগবি বিশ্বকাপে আয়োজক দেশকে বাছাই পর্ব পেরিয়ে আসতে হয়। সৌদি, কাতার ও আমিরাত কখনো রাগবি বিশ্বকাপের মূল পর্বে খেলেনি। তারা বাছাই পর্ব উতরাতে পারবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। বিশ্ব রাগবি সংস্থা যদি ফিফার মতো নিয়ম পরিবর্তন করে স্বাগতিক দেশকে সরাসরি মূল পর্বে খেলার সুযোগ দেয়, তবে এই তিন দেশের বিশ্বকাপে খেলার সম্ভাবনা বাড়বে। সাধারণত সেপ্টেম্বর-অক্টোবর মাসে রাগবি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়। কিন্তু মধ্যপ্রাচ্যের গরম আবহাওয়ার কারণে এটি ডিসেম্বর-জানুয়ারিতে আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। ২০২২ সালের কাতার বিশ্বকাপও বছরের শেষ ভাগে হয়েছিল।
বিশ্ব ক্রীড়াঙ্গনে সৌদি আরবের বিশাল বিনিয়োগ নিয়ে বিতর্ক রয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করতে সৌদি আরব বিভিন্ন ক্রীড়া ইভেন্ট আয়োজনের উদ্যোগ নিচ্ছে, যা “স্পোর্টস ওয়াশিং” নামে পরিচিত। ফুটবল, গলফ, বক্সিং, টেনিস, রেসিংসহ বিভিন্ন খেলায় বিপুল অর্থ বিনিয়োগ করেছে দেশটি। সাম্প্রতিক সময়ে আইপিএলের মেগা নিলাম সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হয়েছে। এমনকি সৌদি আরব ২০৩৬ অলিম্পিক আয়োজনের বিড করার পরিকল্পনাও করছে। এশিয়া রাগবির সভাপতি কাইস আল দালাই বলেছেন, “আমাদের উপসাগরীয় অঞ্চলের নেতাদের বিশ্বাস, কোনো কিছুই অসম্ভব নয়। আমি এখনই দেখতে পাচ্ছি, ২০৩৫ সালেই এটি ঘটতে পারে।” তিনি আরও বলেন, “আমি একাধিক দেশে রাগবি বিশ্বকাপ আয়োজনের মডেলের পক্ষে। যেমন ফিফা ২০০২ সালে জাপান ও কোরিয়ায়, ২০২৬ সালে মেক্সিকো-যুক্তরাষ্ট্র-কানাডায় এবং ২০৩০ সালে তিন মহাদেশে বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে। তাহলে রাগবি কেন নয়?”

মধ্যপ্রাচ্যের দেশগুলো রাগবি বিশ্বকাপ আয়োজনের স্বত্ব পাবে কি না, তা নির্ভর করছে বিশ্ব রাগবি সংস্থার সিদ্ধান্তের ওপর। তবে ক্রীড়াঙ্গনে নিজেদের অবস্থান সুসংহত করতে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

an adbox will go here