শ্রীলঙ্কার মাটিতে ঐতিহাসিক সিরিজ জয়, জুলাই শহীদদের স্মরণে উৎসর্গ টাইগারদের - দিগন্ত জার্নাল

শ্রীলঙ্কার মাটিতে ঐতিহাসিক সিরিজ জয়, জুলাই শহীদদের স্মরণে উৎসর্গ টাইগারদের

স্পোর্টস ডেস্ক:
বৃহস্পতিবার (১৭ জুলাই ২০২৫), শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজে প্রথম ম্যাচে হারলেও পরের দুই ম্যাচে জিতে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে টাইগাররা। এই ঐতিহাসিক অর্জনকে স্মরণীয় করে রাখতে সিরিজটি উৎসর্গ করা হয়েছে জুলাই বিপ্লবের শহীদদের উদ্দেশে।

শেষ ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তোলে মাত্র ১৩২ রান। পাথুম নিশাঙ্কা করেন সর্বোচ্চ ৪৬ রান। বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন শেখ মেহেদী, যিনি নিয়েছেন ৪ উইকেট। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই দাপট দেখায় বাংলাদেশ। তরুণ তানজিদ হাসান তামিম ৪৭ বলে ৭৩ রানে অপরাজিত থেকে দলকে ৮ উইকেট হাতে রেখে ১৬.৩ ওভারে জয়ের বন্দরে পৌঁছে দেন।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক লিটন দাস বলেন, “এখন যেহেতু জুলাই মাস, আজ ১৬ জুলাই, শহীদদের উদ্দেশ্যেই এই সিরিজটা আমরা উৎসর্গ করতে চাই।” তাঁর কণ্ঠে ছিল দায়িত্বশীলতা ও কৃতজ্ঞতা। লিটন আরও বলেন, “দুই সিরিজই আমার কাছে সমান গুরুত্বপূর্ণ। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে জয় যেমন চ্যালেঞ্জিং ছিল, শ্রীলঙ্কাতেও জয় সহজ কিছু নয়। ওরা খুবই ব্যালান্সড দল। এই সিরিজ জেতাটা আমাদের দলীয় পরিণতিরই প্রতিফলন।”

অধিনায়ক হিসেবে সিরিজ জয়ে লিটনের উচ্ছ্বাসের পাশাপাশি ছিল জাতীয় আবেগের প্রতি শ্রদ্ধা ও আত্মবিশ্বাসের বার্তা: “দেশের সব ক্রিকেটভক্তই আনন্দিত। আমরা সবাই মিলে লড়েছি, এটা একক কারও অর্জন নয়।”

an adbox will go here