জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া নারী শিক্ষার্থীদের মার্কিন সম্মাননা - দিগন্ত জার্নাল

জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া নারী শিক্ষার্থীদের মার্কিন সম্মাননা

দিগন্ত জার্নাল ডেস্ক:

বাংলাদেশের জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া নারী শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার (আইডব্লিউওসি) এবং ম্যাডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড পেয়েছেন। স্থানীয় সময় সোমবার (৩১ মার্চ) এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এই পুরস্কারের গুরুত্ব তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ তুললে ট্যামি ব্রুস বলেন, তিনি রাজনৈতিক বিষয়ে কোনো অনুমান করবেন না, তবে এই পুরস্কার সাহসী নারীদের অবদানের স্বীকৃতি দেয় যারা শান্তি, ন্যায়বিচার, মানবাধিকার ও নারীর ক্ষমতায়নে কাজ করছেন। তিনি উল্লেখ করেন, ২০০৭ সাল থেকে মার্কিন পররাষ্ট্র দপ্তর ৯০টিরও বেশি দেশের ২০০ জনের বেশি নারীকে এই পুরস্কারে ভূষিত করেছে।

পুরস্কারপ্রাপ্তরা ওয়াশিংটন ডিসিতে আন্তর্জাতিক ভিজিটর লিডারশিপ প্রোগ্রামে অংশ নেবেন এবং লস অ্যাঞ্জেলেসে অতিরিক্ত প্রোগ্রামে অংশগ্রহণ করবেন। সেখানে তারা বিশ্বব্যাপী নারী ও মেয়েদের ক্ষমতায়ন নিয়ে আলোচনা করবেন এবং আমেরিকান নারীদের সঙ্গে মতবিনিময় করবেন।

গত শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এই পুরস্কারের ঘোষণা দেওয়া হয়। মঙ্গলবার (১ এপ্রিল) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেবেন।

an adbox will go here