বাংলাদেশে রজব মাসের চাঁদ দেখা গেছে: শবে মেরাজ ২৭ জানুয়ারি - দিগন্ত জার্নাল

বাংলাদেশে রজব মাসের চাঁদ দেখা গেছে: শবে মেরাজ ২৭ জানুয়ারি

দিগন্ত জার্নাল ডেস্ক:
বাংলাদেশের আকাশে ১৪৪৬ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৫ সালের ২ জানুয়ারি বৃহস্পতিবার থেকে রজব মাস গণনা শুরু হবে। সেই হিসাবে ২৭ জানুয়ারি সোমবার দিবাগত রাতে পবিত্র শবে মেরাজ পালিত হবে।

বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন সভায় সভাপতিত্ব করেন।

সভায় জানানো হয়, দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, বুধবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে রজব মাসের চাঁদ দেখা গেছে।

এ সময় ১৪৪৬ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করা হয়। এর প্রেক্ষিতে, ১৪৪৬ হিজরি সনের ২৬ রজব, ১৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ২৭ জানুয়ারি ২০২৫ খ্রি. দিবাগত রাতে পবিত্র শবে মেরাজ পালিত হবে।

সভায় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা নিজামুল কবীর, বাংলাদেশ ওয়াকফ প্রশাসনের প্রশাসক ফখরুল ইসলাম, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাইফুল ইসলাম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের বৈজ্ঞানিক কর্মকর্তা ফরিদ উদ্দিন, আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আ. রহমান খান, বাংলাদেশ টেলিভিশনের অতিরিক্ত পরিচালক রুহুল আমিন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুহাম্মদ মিজানুর রহমান, সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার প্রধান মাওলানা অধ্যক্ষ মিঞা মো. নূরুল হক এবং লালবাগ শাহী জামে মসজিদের সানি খতিব মুফতি আফনান মুহাম্মাদ প্রমুখ।

পবিত্র শবে মেরাজে মুসলিম উম্মাহ বিশেষ ইবাদত-বন্দেগির মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করবেন।

an adbox will go here

এই বিষয়ে আরো পড়ুন