চট্টগ্রামের লোহাগাড়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১০ - দিগন্ত জার্নাল

চট্টগ্রামের লোহাগাড়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১০

দিগন্ত জার্নাল ডেস্ক:

চট্টগ্রামের লোহাগাড়ায় রিল্যাক্স পরিবহণের একটি বাসের সঙ্গে দুটি হাইয়েস গাড়ির মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। বুধবার (২ এপ্রিল) সকাল ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি বন রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে ঘটনাস্থলে সাতজন নিহত হন, পরে হাসপাতালে আরও তিনজন মারা যান। এতে মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও ছয়জন।

দুর্ঘটনার কারণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এক ঘণ্টার বেশি সময় যান চলাচল বন্ধ ছিল। পরে লোহাগাড়া ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে।

লোহাগাড়া ফায়ার সার্ভিসের টিম লিডার রাখাল চন্দ্র রুদ্র জানান, চট্টগ্রামগামী বাসটির সঙ্গে প্রথমে কক্সবাজারমুখী একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এর কিছুক্ষণ পর পেছন থেকে আরেকটি মাইক্রোবাস এসে ধাক্কা দিলে হতাহতের সংখ্যা বাড়ে। প্রথম মাইক্রোবাসে থাকা বেশিরভাগ যাত্রী ঘটনাস্থলেই মারা যান, যার মধ্যে চালকও ছিলেন।

লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় শনাক্তের পর আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

an adbox will go here