মানিকগঞ্জে পারিবারিক নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা
দিগন্ত জার্নাল ডেস্ক:
মানিকগঞ্জ নার্সিং কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইভা আক্তার (২২) বাবা ও সৎমায়ের নির্যাতন সহ্য করতে না পেরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধ্যার পর সদর উপজেলার কাটিগ্রাম ইমামনগর এলাকায় নিজ ঘরে এই ঘটনা ঘটে।
নিহতের ছোট ভাই শুভ আহমেদ অভিযোগ করে বলেন, তাদের বাবা ইসরাফিল হোসেন সাত-আট মাস আগে দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকেই তিনি ও সৎমা তাদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন। ঈদের দিন বাবা দ্বিতীয় স্ত্রীকে বাড়িতে আনেন এবং তাদের ‘মা’ ডাকতে বাধ্য করেন। ইভা এতে অস্বীকৃতি জানালে বাবা ও সৎমা তাকে গালিগালাজ করেন এবং ঘর থেকে বের করে দেন। পরে বাবার নির্যাতন সহ্য করতে না পেরে ইভা আত্মহত্যা করেন।
ইভাকে উদ্ধার করে রাত সাড়ে ৮টার দিকে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের আনসার সদস্য শাবলু মিয়া জানান, মৃত্যুর পর ইভার বাবা ও চাচা মোটরসাইকেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা ইসরাফিল হোসেনকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করে। তবে চাচা চান্দু মোল্লা ও দাদি খোদেজা বেগম পালিয়ে গেছেন।
মানিকগঞ্জ সদর থানার ওসি এসএম আমান উল্লাহ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং নিহতের বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক রাখা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।