কুষ্টিয়ায় প্রাইভেট কারের ধাক্কায় মামা-ভাগনের করুণ মৃত্যু
দিগন্ত জার্নাল ডেস্ক:
কুষ্টিয়ায় প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মামা-ভাগনে নিহত হয়েছেন। মঙ্গলবার (১ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের কুষ্টিয়া জিলা স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কুষ্টিয়া শহরের মোল্লাতেঘরিয়া এলাকার আসাদুল ইসলাম মোল্লার ছেলে রাহাত ইসলাম পলাশ (৩০) এবং কমলাপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে ফাহিম অনিক (২৩)। পলাশ ব্রিটিশ আমেরিকান টোব্যাকো সাভারে কর্মরত ছিলেন, আর অনিক ফ্রিল্যান্সিং করতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে তারা মজমপুর থেকে চা খেয়ে গায়ে হলুদের অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথিমধ্যে জিলা স্কুলের সামনে দ্রুতগতির একটি প্রাইভেট কার তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে পলাশকে মৃত ঘোষণা করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে অনিকও মারা যান। আহত তানভীর গণি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
কুষ্টিয়া মডেল থানার ওসি মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।