তথ্য ও সম্প্রচার উপদেষ্টা: দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে সরকার হার্ড লাইনে যাবে
দিগন্ত জার্নাল ডেস্ক:
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে সরকার কঠোর অবস্থান নেবে। কাউকে নৈরাজ্য সৃষ্টির সুযোগ দেওয়া হবে না।
বুধবার (২ এপ্রিল) কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর গ্রামে শহীদ মাসুম মিয়ার কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশে চরমপন্থার সুযোগ তৈরি হয়েছে। তবে সরকার নিশ্চিত করবে, কোনো রাজনৈতিক ও ধর্মীয় উগ্রপন্থী গোষ্ঠী এই সুযোগ নিতে না পারে। গণতান্ত্রিক রূপান্তর নিশ্চিত করতে আলোচনা ও সতর্কতার পাশাপাশি প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, শহীদদের চেতনা বাংলাদেশের জনগণ ধারণ করে। সরকার চায় গণঅভ্যুত্থানে শহীদদের বিচারকাজ সম্পন্ন করতে এবং তাদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে।
গণমাধ্যমের সংস্কার প্রসঙ্গে তিনি জানান, গণমাধ্যমের মানোন্নয়নের জন্য সংস্কার কমিশনের পর্যালোচনা ও প্রস্তাবনা গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান, বাংলাদেশ নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া খানম, বৈষম্যবিরোধী আন্দোলন কুমিল্লা মহানগরের আহ্বায়ক আবু রায়হান ও সদস্য সচিব রাশেদুল হাসানসহ স্থানীয় নেতৃবৃন্দ।