হবিগঞ্জের বাহুবলে গাছ ফেলে আবারও ডাকাতি, দুই প্রাইভেটকার লুট
দিগন্ত জার্নাল ডেস্ক:
হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে গাছ ফেলে আবারও ডাকাতি হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে কামাইছড়া পুলিশ ফাঁড়ি থেকে ২০০ গজ দূরে টার্নিং পয়েন্টে এ ঘটনা ঘটে। ডাকাতরা দুটি প্রাইভেটকার আটক করে যাত্রীদের মারধর করে, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ও নগদ অর্থ লুট করে।
স্থানীয় বাসিন্দারা জানান, কামাইছড়া থেকে মুছাই পর্যন্ত পাহাড়ি এলাকা হওয়ায় এটি ডাকাতদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিতি পেয়েছে। এক মাসের ব্যবধানে একই সড়কে তিনবার ডাকাতির ঘটনা ঘটেছে। স্থানীয় মাসুক মিয়া বলেন, ২০-২২ জনের ডাকাত দল রাতের অন্ধকারে পাহাড়ের গাছ কেটে রাস্তা অবরোধ করে ডাকাতি চালায় এবং নির্বিঘ্নে পালিয়ে যায়। তিনি এ এলাকায় পুলিশের টহল বাড়ানোর দাবি জানান।
বড়গাঁও গ্রামের বাসিন্দা নুরুল ইসলাম জানান, ডাকাতদের অধিকাংশই গাছ চোর, যাদের বাড়ি রানীগাঁও গ্রামে। বাহুবল ও চুনারুঘাট থানার পুলিশ যৌথ অভিযান চালালে ডাকাতদের আটক করা সম্ভব হবে বলে তিনি মনে করেন।
এ বিষয়ে সাতগাঁও হাইওয়ে থানার ওসি সাইফুর রহমান জানান, মাত্র তিন মিনিটের মধ্যে ডাকাতি সংঘটিত হয়। পুলিশের টিম রশিদপুর এলাকায় ছিল। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছালে ডাকাত দল পালিয়ে যায়। তিনি জানান, চুনারুঘাটের রানীগাঁও এলাকা থেকে আসা এই ডাকাত দল নিয়মিত এ ধরনের ঘটনা ঘটায়।