ব্রাক্ষণবাড়িয়ায় ট্রেনের ছাদে টিকটক ভিডিও বানাতে গিয়ে ২ জন নিহত, আহত ২
দিগন্ত জার্নাল ডেস্ক:
ব্রাক্ষণবাড়িয়ার আখাউড়ায় গঙ্গাসাগর রেলওয়ে স্টেশনের অদূরে রেলব্রিজ এলাকায় চলন্ত ট্রেনের ছাদে টিকটক ভিডিও বানাতে গিয়ে দুই যুবক মারা গেছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
নিহতরা হলেন: কুমিল্লার দেবীদ্বার উপজেলার কাইয়ুম (২৩) এবং কসবা উপজেলার তারেক। ঘটনাস্থলে কাইয়ুম মারা যান, আর তারেক চিকিৎসাধীন অবস্থায় ব্রাক্ষণবাড়িয়া হাসপাতালে মারা যান।
পুলিশ ও স্থানীয়রা জানান, চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন চলন্ত অবস্থায় ছাদের ওপর কিছু যুবক টিকটক ভিডিও বানাচ্ছিলেন। রেলব্রিজ এলাকায় পৌঁছালে ডিসের তারের সঙ্গে পেঁচিয়ে চারজন নিচে পড়ে যান। এর মধ্যে একজন মারা যান এবং বাকিদের উদ্ধার করে কসবা ও ব্রাক্ষণবাড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়।
এই ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন।