চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চারলেনে উন্নীত করা হবে: ফারুক-ই আজম
দিগন্ত জার্নাল ডেস্ক:
অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধ এবং দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম জানিয়েছেন, খুব শিগগিরই চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চারলেনে উন্নীত করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। তাছাড়া আগামীকাল থেকে সড়কের উভয়দিকে ১ কিলোমিটারের মধ্যে গতিরোধক স্থাপন করার কাজ শুরু হবে।
বুধবার দুপুর আড়াইটার দিকে লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া স্থানে দুর্ঘটনাকবলিত স্থান পরিদর্শন শেষে ফারুক-ই আজম এসব তথ্য জানান। তিনি বলেন, অবৈধ যানবাহন এবং বেপরোয়া গাড়ি চলাচলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, লবণবাহী ট্রাকগুলো যথাযথ নিয়ম মেনে চলাচল করছে কিনা, সেব্যাপারে হাইওয়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
ফারুক-ই আজম নিহতদের পরিবারের প্রতি শোক এবং সমবেদনা জানান।
এদিকে, বিআরটিএ ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে বিধি অনুযায়ী নিহতের পরিবারকে ৫ লাখ এবং আহতদের পরিবারকে ৩ লাখ টাকা আর্থিক সহায়তার ঘোষণা করেছেন বিআরটিএ চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক (ইঞ্জিনিয়ার) সৈয়দ আইনুল হুদা চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম, লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. ইনামুল হাসান, লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান, সড়ক ও জনপদ চট্টগ্রাম দক্ষিণের বিভাগীয় প্রকৌশলী আব্দুল্লাহ আল নোমান পারভেজ, এবং বিআরটিএ চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক (ইঞ্জিনিয়ার) সৈয়দ আইনুল হুদা চৌধুরী।
উল্লেখ্য, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া এলাকায় গত ৩ দিনে পৃথক ৩টি সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন।